উত্তরদিনাজপুর

ঘন্টাখানেকের বৃষ্টিতেই ভেঙে পড়ল সদ্য চালু হওয়া রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের দেওয়াল

মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতেই ভেঙে পড়ল সদ্য চালু হওয়া উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের  একটি দেওয়াল। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে জরুরি বিভাগের পাশের দেওয়ালটি। এরপর যুদ্ধকালীন তৎপরতায় দশতলা ওই ভবন নির্মানের বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা শুরু করে মেরামতির কাজ। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।
            জানা গেছে, শয্যা সংখ্যা প্রায় দ্বিগুন করে শনিবার দিনই চালু করা হয় সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগ। ১০৬ কোটি টাকা খরচ করে ভবন উদ্বোধনের প্রায় ১৬ মাস পর এই দুটি বিভাগ চালু করে জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি নব নির্মিত ওই হাসপাতালে আগেই চালু হয়েছিল বহিঃবিভাগও।ফলে বিপুল সংখ্যক রোগী ও তাঁদের পরিজনদের আগমন ইতিমধ্যেই শুরু হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে। এমন পরিস্থিতিতে মাত্র ঘন্টা খানেকের বৃষ্টিতেই দেওয়াল ভেঙে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিজনদের মধ্যে।

            মায়ের চিকিৎসা করাতে আগত রায়গঞ্জের বাসিন্দা সুকুমার তালুকদার বলেন, দেওয়াল ভেঙে পড়ার ঘটনা দেখেই মনে হচ্ছে খুবই নিম্ন মানের কাজ হয়েছে এই হাসপাতালে। তাই চালু হওয়ার মাত্র দুইদিনের মাথায় দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কের মধ্যেই রয়েছেন বলে দাবি করেন সুকুমার বাবুর। এই বিষয়ে রায়গঞ্জ জেলা হাসপাতাল সুপার গৌতম মন্ডল বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। স্বাস্থ্য দফতর ও ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারেরা বিষয়টি খতিয়ে দেখছে।